Ads

রাশিয়ায় হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য

 

দাগেস্তানের দেরবেন্ত শহরে বন্দুকধারীদের হামলার পর একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়
দাগেস্তানের দেরবেন্ত শহরে বন্দুকধারীদের হামলার পর একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়ছবি: রয়টার্স

রাশিয়ার মুসলিম–অধ্যুষিত অঞ্চল দাগেস্তানের দুটি শহরে একাধিক সন্ত্রাসী হামলার পর বন্দুকধারীদের বিরুদ্ধে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অভিযান শুরু করেছিল, তা শেষ করার ঘোষণা এসেছে।

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় দাগেস্তান অঞ্চলের দেরবেন্ত ও মাখাচকালা শহরে ইহুদিদের একটি উপাসনালয় (সিনাগগ), একটি গির্জা ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারী ব্যক্তিরা হামলা চালিয়ে অন্তত ১৫ জন পুলিশ ও একজন ধর্মযাজককে হত্যা করে।

হামলার পরপরই রাশিয়ার সন্ত্রাস দমন বাহিনী সন্দেহভাজন বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। পরদিন সোমবার সংস্থাটি অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে।

জাতীয় সন্ত্রাস দমন কমিটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, নাগরিকদের জীবন ও স্বাস্থ্যের ওপর সব হুমকি নিষ্ক্রিয় করার পর গ্রিন মান সময় (জিএমটি) ৫টা ১৫ মিনিটে দাগেস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আজ সোমবার ভোরে দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘দাগেস্তান ও পুরো দেশের জন্য এটা খুবই দুঃখের দিন। আমরা বুঝতে পারছি যে এসব সন্ত্রাসী হামলার পেছনে কোন সংগঠন জড়িত এবং তারা কোন লক্ষ্য অর্জনে হামলা চালিয়েছে।’

তবে দায়ী হিসেবে কারও নাম উল্লেখ করেননি গভর্নর সের্গেই মেলিকভ। এমনকি এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্যও দেননি।

আরও পড়ুন

তবে রাশিয়ার সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য। তবে এসব হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

রাশিয়ার রাজধানী মস্কোর পাশে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় ১৪৫ জন নিহত হওয়ার ঘটনার মাস তিনেক পর দাগেস্তানে একযোগে কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটল। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) মস্কোয় হামলার দায় স্বীকার করেছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটা ছিল রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা।

গত এপ্রিলে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) বলেছিল, মার্চে মস্কোর কনসার্ট হলে হামলায় জড়িত সন্দেহে দাগেস্তান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দাগেস্তানের ইসলামপন্থী সন্ত্রাসীদের সঙ্গে আইএসের সম্পর্ক রয়েছে।

গতকালের হামলায় যে ধর্মযাজক নিহত হয়েছেন, তিনি ৪০ বছরের বেশি সময় ধরে দেরবেন্ত শহরে কাজ করেছিলেন বলে ভিডিও বার্তায় জানান সের্গেই মেলিকভ। ওই ধর্মযাজকের বয়স ৬৬ বছর।

গভর্নর বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ছয় হামলাকারী গুলিতে নিহত হয়েছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পাঁচজন বন্দুকধারী নিহত হওয়ার খবর জানিয়েছে। দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

হামলায় কতজন সন্দেহভাজন হামলাকারীর প্রাণ গেছে কিংবা হামলাকারীদের গুলিতে কতজন নিহত হয়েছেন, সে সংখ্যা রয়টার্সের পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতের জেরে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত রাশিয়ার দাগেস্তানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে গভর্নর সের্গেই মেলিকভ জানিয়েছেন। তিনি বলেন, এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেই সঙ্গে বিনোদনমূলক সব আয়োজন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!