Ads

মোদির সঙ্গে ফোনালাপে ইউক্রেন ও ইন্দো–প্যাসিফিক নিয়ে বাইডেনের আলোচনা হয়েছে: হোয়াইট হাউসের বিবৃতি

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। দুই নেতার মধ্যকার এই ফোনালাপ নিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস, যা হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরে নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন বাইডেন। পাশাপাশি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়েও তিনি মোদির সঙ্গে কথা বলেছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পোল্যান্ড ও ইউক্রেনে মোদির ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বাইডেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করলেন। শান্তি ও জ্বালানি খাতসহ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা নিয়ে মোদির দেওয়া বার্তার প্রশংসা করেছেন বাইডেন।

জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাঁদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপে প্রতিশ্রুতি দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একত্রে কাজ করতে তাঁদের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।

বাইডেনের সঙ্গে ফোনালাপ নিয়ে গতকাল রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট দেন মোদি। এতে তিনি লিখেন, বাইডেনের সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে। ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে তাঁরা বিশদে মতবিনিময় করেছেন।

এতে মোদি আরও লিখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তাঁরা আলোচনা করেছেন। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু—বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

তবে মোদির সঙ্গে বাইডেনের ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গে কিছু বলা হয়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!