Ads

আর্থিক খাত সংস্কারে যুক্তরাজ্য সহযোগিতা করবে: অর্থ উপদেষ্টা

 

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদফাইল ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আর্থিক খাতের সংস্কার করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। এ সংস্কারকাজে বাংলাদেশের অন্যতম বিনিয়োগ অংশীদার যুক্তরাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে, তার পাশে থাকবে যুক্তরাজ্য সরকার।

এরপর সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতিমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ জন্য আগে পুঁজিবাজার, ব্যাংকিং খাতসহ আর্থিক খাতের সংস্কার করা হবে। এগুলো আমাদের অগ্রাধিকার। যুক্তরাজ্যও এসব সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।’

এ সময় দেশ থেকে যুক্তরাজ্য পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা। জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি। এগুলো টেকনিক্যাল বিষয়। পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কাজ করছে। আর শুধু তো যুক্তরাজ্যে যায়নি; অন্য দেশেও গেছে। এ নিয়ে প্রয়োজন হলে যেকোনো দেশের সঙ্গে আমরা আলাপ করব।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!