যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী তরুণ টমাস ক্রুকস একাই হামলা চালিয়েছিলেন। এর সঙ্গে বিদেশি সংশ্লিষ্টতা নেই।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পকে হত্যাচেষ্টার পেছনে ক্রুকসের উদ্দেশ্য কী ছিল, তা এখনো অজানা। তাঁরা বলছে, টমাস ক্রুকসের ‘মিশ্র ধরনের মতাদর্শ’ ছিল।
ট্রাম্পকে গুলি করার আগে ক্রুকস অনলাইনে যেসব তথ্য খোঁজার চেষ্টা করেছেন, তা প্রকাশ করেছে এফবিআই। তিনি যে বন্দুকটি ব্যবহার করেছেন এবং তাঁর গাড়িতে যেসব বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে, তার ছবিও প্রকাশ করা হয়েছে।
গত ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করেন ক্রুকস। এ সময় ট্রাম্পের কানে গুলি লাগে। এ ঘটনায় একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন।
২০২৩ সালের সেপ্টেম্বরে ট্রাম্পের প্রচার সমাবেশ শুরু হয়। এফবিআইয়ের পিটসবার্গ কার্যালয়ের প্রধান কেভিন রোজেক বলেন, ট্রাম্পের নির্বাচনী সমাবেশগুলো কখন কোথায় হবে, তা অনলাইনে খোঁজ রাখছিলেন ক্রুকস।
শুধু ট্রাম্পই নন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপরও নজর রাখছিলেন তিনি। কারণ, বাইডেন তখন পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন কোথায় হয়, সে তথ্যও অনলাইনে খোঁজ করেছেন তিনি।
রোজেক আরও বলেন, ‘জুলাইয়ের শুরুর দিকে যখন ট্রাম্পের সমাবেশের কথা ঘোষণা করা হলো, তখন তিনি (ক্রুকস) ওই নির্দিষ্ট অনুষ্ঠানকে গুরুত্ব দিচ্ছিলেন এবং সুযোগটি ব্যবহার করার উপায় খুঁজছিলেন।’
জুলাইয়ে ট্রাম্পের সমাবেশে অংশ নিতে ক্রুকস এক সপ্তাহ আগেই নিবন্ধন করে রেখেছিলেন বলেও উল্লেখ করেন রোজেক।
একই সময়ে ২০ বছর বয়সী ক্রুকস জানার চেষ্টা করেছিলেন, জন এফ কেনেডিকে হত্যার আগে হত্যাকারী লি হার্ভে অসওয়াল্ড তাঁর (কেনেডি) কাছ থেকে কতটা দূরত্বে ছিলেন। ১৯৬৩ সালে হত্যার শিকার হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি।
কর্তৃপক্ষ বলছে, সমাবেশস্থল ‘বাটলার ফার্ম শো’তে ট্রাম্প কোথা থেকে কথা বলবেন, সে তথ্যও অনলাইনে খুঁজেছিলেন ক্রুকস। তাঁর তথ্য অনুসন্ধানের ইতিহাস ঘেঁটে দেখা গেছে, কীভাবে বোমা তৈরি করতে হবে এবং বোমা তৈরিতে কী কী উপকরণ লাগে, সেসব তথ্য খোঁজার চেষ্টা করেছিলেন এ তরুণ।
ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান ছিলেন। আবার ২০২১ সালে তিনি লিবারেলদের জন্য তহবিল সংগ্রহকারী সংগঠন অ্যাক্টব্লু-কেও ১৫ ডলার অনুদান দিয়েছিলেন।
কর্মকর্তারা বলছেন, অনলাইনে ক্রুকসের সঙ্গে সম্পর্কিত অ্যাকাউন্টগুলোয় কিছু ইহুদিবাদবিরোধী মন্তব্য দেখা গেছে। তবে এসব কথা ক্রুকস নিজে লিখেছেন কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা।
এফবিআই এর আগে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রুকসের অন্তত দুটি অ্যাকাউন্টে পরস্পরবিরোধী মতাদর্শিক দৃষ্টিভঙ্গি দেখা গেছে। অ্যাকাউন্টের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
বাটলারে ট্রাম্পের সমাবেশ চলার সময় ক্রুকস পাশের একটি ভবনের ছাদে ছয় মিনিট ছিলেন। মঞ্চে বক্তব্যরত ট্রাম্পকে লক্ষ করে তিনি আটটি গুলি ছুড়েছিলেন। পরে সিক্রেট সার্ভিস সদস্যের গুলিতে ক্রুকস নিহত হন।
বুধবারের সংবাদ সম্মেলনে লুইজিয়ানার রিপাবলিকান কংগ্রেস সদস্য ক্লে হিগিনসসহ রক্ষণশীলদের সমালোচনারও জবাব দিয়েছেন এফবিআই কর্মকর্তারা। সমালোচকদের দাবি, এফবিআই অপরাধস্থলটি দ্রুত পরিষ্কার করে ফেলে এবং দ্রুত পরিবারের কাছে ক্রুকসের মরদেহ হস্তান্তর করে দেয়।
তবে এফবিআইয়ের পিটসবার্গ কার্যালয়ের প্রধান কেভিন রোজেক বলেছেন, অপরাধস্থল পরিষ্কার করার আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর ক্রুকসের মরদেহ ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, অনির্দিষ্টকালের জন্য মরদেহ রেখে দেওয়াটা মানসম্মত প্রক্রিয়া নয়।
ময়নাতদন্তের প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ক্রুকস অবৈধ মাদক ও অ্যালকোহল ব্যবহার করতেন না। এফবিআই বলেছে, তদন্তকাজে ক্রুকসের পরিবার সহযোগিতা করেছে।
.jpeg)


