%
গোল, গোল এবং গোল—আর্লিং হলান্ডের জীবনে গোলই যেন শেষ কথা। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের কথাই ধরা যাক। এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন হলান্ড। তাঁর করা ১০ গোলের মধ্যে আছে দুটি হ্যাটট্রিকও। সর্বশেষ গতকাল রাতে আর্সেনালের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটিতেও ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন তিনি।
এই গোলে একটি মাইলফলকও স্পর্শ করেছেন হলান্ড। সিটির হয়ে ১০০ করে ফেললেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। একই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন সিটির ‘গোলমেশিন’। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করায় এত দিন সবার ওপরে ছিলেন রোনালদো।
রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোল করতে রোনালদোর লেগেছিল ১০৫ ম্যাচ। গতকাল রাতে সমান ম্যাচে সিটির হয়ে গোলের সেঞ্চুরি করলেন হলান্ডও। সাভিনিওর থ্রো পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ৯ মিনিটে সিটির হয়ে গোলটি করেন তিনি।
বরুসিয়া ডর্টুমুন্ডে খেলার সময়েই গোল করার দক্ষতার কারণে আলোচনায় আসেন হলান্ড। যেখানে ৮৯ ম্যাচে তিনি ৮৬ গোল করেন। কিন্তু সিটিতে এসে নিজেকে যেন আরও উচ্চতায় নিয়ে গেছেন। ম্যাচের পর ম্যাচে গোল করে ভেঙেছেন একের পর এক রেকর্ড। সময়ের হিসাবে এখন পর্যন্ত প্রতি ৮৫ মিনিটে একটি করে গোল করেছেন হলান্ড।
প্রিমিয়ার লিগে আগের দুই আসরের চেয়ে এবার সম্ভবত হলান্ড আরও অপ্রতিরোধ্য। প্রথম ৫ ম্যাচে ১০ গোলের হিসাব সামনে নিয়ে এলে ১৯৩০ সালে অ্যাস্টন ভিলার পোঙ্গো ওয়ারিংয়ের পর এটিই সবচেয়ে ভালো শুরু। ক্লাব ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা ২৩৫–এ নিয়ে গেলেন হলান্ড। এই গোলগুলো তিনি করেছেন সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং ম্যান সিটির হয়ে। এ ছাড়া ৩২ গোল করেছেন নরওয়ে জাতীয় দলের হয়ে। ২৪ বছর বয়সে গোলের এই অর্জন রীতিমতো অসামান্য।
সিটির হয়ে হলান্ডের করা ১০০ গোলের ৭৩টিই এসেছে প্রিমিয়ার লিগে। এর বাইরে ১৮টি এসেছে চ্যাম্পিয়নস লিগে, ৮টি এফএ কাপে এবং ১টি এসেছে কারাবাও কাপে। একইভাবে ৭৩ গোল তিনি করেছেন বাঁ পায়ে, ১৪ গোল করেছেন ডান পায়ে, ১২টি করেছেন হেডে এবং ১টি করেছেন শরীরের পেছনের অংশ দিয়ে। এই ১০০ গোলের ১৮টি আবার এসেছে পেনাল্টি থেকে।
হলান্ডের বয়স এখন ২৪ বছর ৬৩ দিন। এই বয়সে ২৭১ ম্যাচে তাঁর গোল ২৩৫টি। সর্বকালের অন্যতম দুই সেরা তারকা রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে তুলনাতেও এই পরিসংখ্যান অবিশ্বাস্য। এই বয়সে ৩১৩ ম্যাচ খেলে রোনালদো গোল করেছেন ১১৭টি। আর হলান্ডের চেয়ে তিন ম্যাচ বেশি খেলে অর্থাৎ ২৭৪ ম্যাচে মেসির গোল ছিল ১৮৪টি।
একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল
| ম্যাচ | খেলোয়াড় | ক্লাব |
|---|---|---|
| ১০৫ | হলান্ড | ম্যানচেস্টার সিটি |
| ১০৫ | রোনালদো | রিয়াল মাদ্রিদ |
| ১২৪ | ইব্রাহিমোভিচ | পিএসজি |
| ১৩৬ | লেভানডফস্কি | বায়ার্ন মিউনিখ |
| ১৫৮ | আগুয়েরো | ম্যানচেস্টার সিটি |
.jpeg)

