Ads

মানহানির মামলায় হেরে বাড়ি-গাড়ি-ঘড়ি সবই খোয়াচ্ছেন রুডি জুলিয়ানি

 

রুডি জুলিয়ানি
রুডি জুলিয়ানিছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দুই নির্বাচন কর্মকর্তার মানহানি করেছেন, এমন অভিযোগে হওয়া মামলায় দোষী সাব্যস্ত নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

ক্ষতিপূরণের অর্থ পরিশোধের জন্য বিচারক জুলিয়ানিকে তাঁর অ্যাপার্টমেন্ট, গয়না এবং তাঁর কাছে থাকা অন্যান্য মূল্যবান সামগ্রী ওই দুই নির্বাচন কর্মকর্তার কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার ম্যানহাটানের ডিস্ট্রিক্ট জজ লুইস লিম্যান এ আদেশ দেন। আগামী সাত দিনের মধ্যে সম্পদ হস্তান্তরের কাজ সম্পন্ন করার আদেশও দেওয়া হয়েছে।

জুলিয়ানি অনেক বছর ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর তা মেনে নিতে পারেননি পরাজিত ট্রাম্প। তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। সে সময়ে ট্রাম্পের ভিত্তিহীন ওই অভিযোগ প্রচারে সহায়তা করেছিলেন জুলিয়ানি। নির্বাচন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় পরের বছর নিউইয়র্কের আদালত তাঁর আইন পেশার নিবন্ধন স্থগিত করেন। এ বছর জুলাইয়ে তাঁকে আইন পেশায় নিষিদ্ধ করা হয়।

গত বছর যুক্তরাষ্ট্রের একটি আদালত রুবি ফ্রিম্যান ও তাঁর মেয়ে ওয়ান্ডেরা মোসের মানহানি করার অভিযোগে জুলিয়ানিকে দোষী সাব্যস্ত করেন। সে সময় আদালত থেকে বলা হয়, নিউইয়র্কের সাবেক মেয়র তাঁদের বিরুদ্ধে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় ভোট কারচুপির মিথ্যা অভিযোগ এনেছিলেন।

একটি ফেডারেল জুরি জুলিয়ানিকে সাজা হিসেবে ফ্রিম্যান ও তাঁর মেয়েকে মোট ১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

গতকাল বিচারক জুলিয়ানিকে তাঁর যেসব সম্পদ হস্তান্তর করতে বলেছেন, সেগুলোর মধ্যে নিউইয়র্কের অ্যাপার্টমেন্ট, একটি ১৯৮০ মার্সিডিজ, বেশ কয়েকটি দামি হাতঘড়ি এবং তাঁর খেলাধুলাবিষয়ক স্মারকের একাংশ রয়েছে।


আইন পেশায় নিষিদ্ধ হলেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি

রুডি জুলিয়ানির বয়স এখন ৮০ বছর। তিনি একজন রিপাবলিকান, ২০০৮ সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছিলেন।

(বিশাল অঙ্কের ক্ষতিপূরণ এড়াতে) জুলিয়ানি নিজেকে দেউলিয়া ঘোষণা করার আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাঁর সেই আবেদন বাতিল করে দেন।

নির্বাচনে ‘কারচুপির’ ভুয়া অভিযোগ তোলায় জুলিয়ানির বিরুদ্ধে আরও একাধিক মামলা চলছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!