Ads

‘প্রতি মিনিটে ভারতকে ধবলধোলাইয়ের কথা মনে করিয়ে দিতে থাকবে অস্ট্রেলিয়া’

 

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া ভারত সামনে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া ভারত সামনে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেএএফপি

সম্ভবত সবচেয়ে খারাপ সময়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার, যা ভারতের টেস্ট ইতিহাসে নিজেদের মাঠে দ্বিতীয়বার ধবলধোলাইয়ের ঘটনা। আর এমন যন্ত্রণাদায়ক এক সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহ পরই রওনা হতে হবে অস্ট্রেলিয়ায়। সেই সফরটাও আবার এমন—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে যেটা জিততে হবে ৪-০ ব্যবধানে।

এমন কঠিন সমীকরণ নিয়ে খেলতে নেমে ভারত যে অস্ট্রেলিয়ার স্লেজিংয়েরও শিকার হবে, সেটিই মনে করিয়ে দিয়েছেন সাইমন ডুল। নিউজিল্যান্ডের এই সাবেক পেসার ও বর্তমান ধারাভাষ্যকার বলেছেন, অস্ট্রেলিয়া প্রতিটি মিনিট ভারতকে স্মরণ করিয়ে দেবে, তারা নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে।

অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুই সফরেই অবশ্য ভারতের সুখস্মৃতি আছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট সিরিজ জিতে ফিরেছেন দুবারই। তবে এবার যে সেটি সহজ হবে না, তা নিউজিল্যান্ডই দেখিয়ে দিয়েছে। ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জেতা ভারত শেষ পর্যন্ত ধবলধোলাইও হয়েছে।

নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডুল
নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডুল
এক্স থেকে

সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ডুলের মতে, ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, ‘এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য খুব শক্তিশালী ক্যারেক্টার দরকার হবে। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া দলটিই অস্ট্রেলিয়ায় যাচ্ছে। আর অস্ট্রেলিয়ায় ভালো করা কখনোই সহজ নয়।’


সংখ্যায় সংখ্যায় ভারতের লজ্জা আর নিউজিল্যান্ডের গৌরবগাথা

ভারত যে অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুই সিরিজেই জিতেছে, সেটি ভালো করেই জানা ডুলের। রোহিতদের জন্য এটি ইতিবাচক দিক বলেও মানেন তিনি। তবে কিউইদের কাছে বাজেভাবে হারের ব্যাপারটি এবার তাদের খুব তীব্রভাবেই তাড়িয়ে বেড়াবে বলে ধারণা ডুলের, বিশেষ করে অস্ট্রেলিয়ানদের স্লেজিং প্রবণতার কারণে, ‘আপনি ঘরে ধবলধোলাই হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। আমি নিশ্চিত পুরো অস্ট্রেলিয়া (সিরিজটির জন্য) অপেক্ষা করছে, এবং প্রতিটি মিনিটে, প্রতিটি পদক্ষেপে তারা (ধবলধোলাইয়ের কথা) মনে করিয়ে দিতে থাকবে। চারটা জয়, একটা ড্র দরকার ভারতের। রোহিত এবং তার দলকে প্রচুর কঠিন প্রশ্নের জবাব দিতে হবে সেখানে।’

অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর পার্থে। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হবে আগামী বছরের ৩ জানুয়ারি শুরু সিডনি টেস্ট দিয়ে।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!