Ads

জয়ে ফিরেও রিয়ালের অন্য দুশ্চিন্তা

 

ভিনি–ভালভের্দেদের গোল উদ্‌যাপন
ভিনি–ভালভের্দেদের গোল উদ্‌যাপনরয়টার্স

চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে হেরে চাপে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই চাপ থেকে উদ্ধারে গতকাল রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ও পেয়েছে রিয়াল। ফেদে ভালভের্দে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ম্যাচটি রিয়াল জিতেছে ২–০ ব্যবধানে।

জয়ে ফিরেও অবশ্য স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচেই যে চোটে পড়ে মৌসুম একরকম শেষ হয়ে গেছে দলের ডিফেন্ডার দানি কারভাহালের। মৌসুমের এই সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়ের চোটে পড়া নিশ্চিতভাবেই কপালের ভাঁজ বাড়াবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।


‘সৎ মানুষ’ আনচেলত্তি রিয়ালের হারে অজুহাত খুঁজছেন না

বার্নাব্যুতে দাপুটে শুরু করা রিয়ালের এগিয়ে যেতে সময় লাগে ১৪ মিনিট। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভালভের্দে। এর ফলে ২০২২ সালের জানুয়ারির পর বক্সের বাইরে থেকে শট নিয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হলেন ভালভের্দে (৮)। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আঁতোয়ান গ্রিজমান ও লাগো আসপাস।

স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন কারভাহাল
স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন কারভাহাল
রয়টার্স

শুরুতে পিছিয়ে পড়লেও ভিয়ারিয়াল হাল ছাড়েনি। বল দখল এবং সুযোগ তৈরিতে রিয়ালকে ভালোভাবেই টেক্কা দিয়েছে তারা। তবে কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি। উল্টো ৭৩ মিনিটে ভিনিসিয়ুসের দুর্দান্ত এক গোলে ২–০–তে পিছিয়ে পড়ে তারা। প্রথম গোলের নায়ক ভালভের্দের কাছ থেকে বল পেয়ে পোস্টের বাইরে থেকেই শট নেন ভিনি। তাঁর বুলেটগতির নিখুঁত শট ঠেকানোর কোনো উপায়ই ছিল না ভিয়ারিয়াল গোলরক্ষকের।

যোগ করা সময়ে রিয়াল যখন জয়ের অপেক্ষায়, তখনই নেমে আসে বিপদ। চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। পরে কারভাহাল নিজেই নিশ্চিত করেছেন, লিগামেন্টের মারাত্মক চোটে পড়েছেন। চোট থেকে সেরে উঠতে তাঁর অস্ত্রোপচার লাগবে এবং এ জন্য তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।


রিয়ালে কি অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট হচ্ছে

অন্যদিকে ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তিও কারভাহালের চোট নিয়ে কথা বলেছেন, ‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট। কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে।’

কারভাহালের ছিটকে যাওয়ার পাশাপাশি ভিনিসিয়ুসকে নিয়েও তৈরি হয়েছে অস্বস্তি। আনচেলত্তি জানিয়েছেন, কাঁধ ও ঘাড়ে অস্বস্তি থাকায় ভিনিসিয়ুসেরও মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা করাতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!