ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে দুই যুবককে পিটিয়েছেন স্থানীয় জনতা। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত ১০টায় মো. কামরুল (২৭) নামের একজনের মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় পিটুনির শিকার হন কামরুল। তিনি চাঁদপুর জেলার হাইমচর সদর থানা এলাকার হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের ছেলে। তিনি সপরিবার শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসবাস করতেন।
ডিআইটি এলাকার ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ভোরে ডিআইটি মিন্নত আলী শাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ওয়াজেদ সীমন্ত (২০) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর একই স্থানে গতকাল রাতে স্থানীয় লোকজন ছিনতাইকারী আখ্যা দিয়ে ফেরদৌস নামের যুবককে পিটুনি দেন। পরে কে বা কারা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ওসি নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলে জানা যায়, ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য তাঁর স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন। আমরা সীমান্ত হত্যার পাশাপাশি গণপিটুনির ঘটনাটিকেও গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’
.jpeg)
