Ads

সৌম্যর ব্যাটে ৫ ছক্কায় ৮৬ রান, ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

 

প্রথম গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স
প্রথম গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্সরংপুর রাইডার্সের ফেসবুক পেজ থেকে

গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে চড়ার কথা ছিল সৌম্য সরকারের। সঙ্গে রিশাদ হোসেন আর আফিফ হোসেনেরও। উদ্দেশ্য সেন্ট কিটসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়া। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতেই থেকেছেন তিন ক্রিকেটার।

যে কারণে থেকে যাওয়া, সেটি দারুণভাবেই কাজে লেগেছে সৌম্য ও রংপুরের জন্য। গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। যে জয়ে ৫ ছক্কা ৭ চারে অপরাজিত ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সৌম্য।

প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেটে ৬৫ রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি। কিন্তু পরের পাঁচ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৮.১ ওভারে অলআউট হয় ১২২ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুরকে উদ্বোধনী জুটিতেই এর চেয়ে বেশি রান এনে দেন সৌম্য ও স্টিভেন টেলর।

৫টি ছক্কা মারেন সৌম্য সরকার
৫টি ছক্কা মারেন সৌম্য সরকার
রংপুর রাইডার্সের ফেসবুক পেজ থেকে

১৪তম ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেলর যখন আউট হন, তখনই রংপুরের রান ১২৪। সৌম্যকে অবশ্য আউটই করতে পারেনি ভিক্টোরিয়া। ৩৩ বলে পঞ্চাশ ছোঁয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ বলে ৮৬ রান করে। সৌম্যর টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ২০তম ফিফটি। প্রথম সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে আরও একবার।

আরও পড়ুন

তবে দিন শেষে হেসেছেন সৌম্যই। তাঁর ইনিংসই গড়ে দিয়েছে রংপুরের জয়ের ভিত্তি। যে জয় রংপুরকে এনে দিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরের দ্বিতীয় টি-টোয়েন্টি ট্রফি। এর আগে ২০১৭ সালে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

ফাইনাল শেষে গ্যালারির দর্শকদের সঙ্গে সমর্থনের জন্য ধন্যবাদ জানান রংপুর রাইডার্সের খেলোয়াড়েরা
ফাইনাল শেষে গ্যালারির দর্শকদের সঙ্গে সমর্থনের জন্য ধন্যবাদ জানান রংপুর রাইডার্সের খেলোয়াড়েরা
রংপুর রাইডার্সের ফেসবুক পেজ থেকে

৫ দলের গ্লোবাল সুপার লিগে লিগ পর্বে চার ম্যাচের প্রথম দুটিতেই হেরেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটিকে ভিক্টোরিয়াও হারিয়ে দিয়েছিল ১০ রানে। তবে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠে শেষ পর্যন্ত ট্রফিতেই হাত রেখেছে রংপুর। ম্যাচসেরার পাশাপাশি মোট ১৮৮ রান করে টুর্নামেন্টসেরাও হয়েছেন সৌম্য।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৩ (সৌম্য ৮৬, টেলর ৬৮, মাডসেন ১০; ড্রেকস ১/২০)। ভিক্টোরিয়া: ১৮.১ ওভারে ১২২ (ক্লার্ক ৪০, ম্যাকডোনাল্ড ১৬; হারমিত ৩/১৯, সাইফ ২/২১, মেহেদী ২/২০, রিশাদ ২/২৬)। ফল: রংপুর রাইডার্স ৮৬ রানে জয়ী। ম্যান অব দ্য ফাইনাল: সৌম্য সরকার। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: সৌম্য সরকার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!